গাজায় ইসরাইলি হামলায় দুই শিশুসহ নিহত ১১

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর পৃথক হামলায় দুই শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ও রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে তিন বছর বয়সী ও ১৪ বছর বয়সী দুই শিশু রয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা শহরে ‘পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায়’ তিন বছর বয়সী শিশুসহ চারজন নিহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান শহরের কেন্দ্রস্থলে পুলিশের একটি গাড়িকে ‘লক্ষ্যবস্তু করে’ হামলা চালিয়েছে, যার ফলে ‘বেশ কয়েকজন নিহত ও আহত’ হয়েছেন। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে নয়জন পথচারী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মাহমুদ বাসাল বলেন, দিনের শুরুতে উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি গুলিতে আরো একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, গাজা শহরের শাতি শরণার্থী শিবিরের একটি চৌরাস্তার কাছে আরেকটি ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা পরে নিশ্চিত করেছেন যে, শাতি শরণার্থী শিবিরে দু’টি ক্ষেপণাস্ত্র ও ইসরাইলি ড্রোন হামলার ঘটনায় তারা পাঁচজনের লাশ পেয়েছেন।

রয়টার্স জানিয়েছে, স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরাইলি হামলাটি একটি ক্যাফের কাছে আঘাত হানে। এতে নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন।

গত অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে একটি ‘যুদ্ধবিরতি’ চুক্তি শুরু হওয়া সত্ত্বেও ইসরাইলি বাহিনী এই ভূখণ্ডে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে প্রায় ৭৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় আরো দুই হাজার ১১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর এই ভূখণ্ডে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হাতে মোট ৭২ হাজার ৩৩৬ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর