য়্যুভেন্তাসকে হারিয়ে যা বললো বার্সা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮১৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চলতি মৌসুমে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে পুরোপুরি বিপরীত চিত্র বার্সেলোনার খেলায়। ঘরোয়া লিগে টেবিলের তলানীর দিকে থাকা মেসিরা চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখাচ্ছে। ইউসিএলে টানা ২য় ম্যাচে জয় পেল বার্সা। বিগ ম্যাচে য়্যুভেন্তাসের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ২-০তে হারিয়েছে স্প্যানিশরা। গোল করেছেন ক্লাব সুপারস্টার লিওনেল মেসি এবং ওসমান ডেম্বেলে। টানা ২ ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে কোম্যানের দল। য়্যুভেন্তাসের মাঠেও দাপট দেখিয়ে তাদেরকে হারাতে পেরে সন্তুষ্টি ঝরলো ক্লাবটির ফুটবলারদের কণ্ঠে।

ম্যাচ শেষে বার্সা ফুটবলার সার্জি রবার্তো বলেন, আমরা খুব খুশি পূর্ণ তিন পয়েন্ট পেয়ে। সবমিলিয়ে আমাদের ৬ পয়েন্ট হলো। এটা আমাদের জন্য ভালো দিক। আমরা ২ গোল পেয়েছি কিন্তু আরো অনেকগুলো গোল হতে পারতো। আমরা অনেক অনেক সুযোগ তৈরি করেছি। আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের অনেক মানসম্মত ফুটবলার আছে দলে। আমরা যদি প্রতিদিন এমন সুযোগ তৈরি করতে পারি তাহলে ম্যাচের রেজাল্টও আমাদের পক্ষে কথা বলবে। চলতি সপ্তাহেই মর্যাদার এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে বার্সেলোনা। এরপর য়্যুভেন্তাসের বিপক্ষে এমন জয় আবারো আত্মবিশ্বাসী করে তুলছে দলকে।

রবার্তো বলেন, আমি জানিনা এটাই এ বছরে আমাদের সেরা ম্যাচ কিনা, তবে হ্যাঁ ক্ল্যাসিকোর পর এই ম্যাচটা জেতা দরকার ছিল। আমাদেরকে অবশ্যই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমরা চাই এভাবেই বার্সা ম্যাচে তাদের দাপট ধরে রাখুক, ডিফেন্সে এভাবে ভালো খেলতে থাকুক।

মঙ্গলবার ক্লাব সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন হোসে মারিয়া বার্তোমিউ। সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। চলতি মৌসুম শুরুর আগে লিওনেল মেসির সঙ্গে টানাপোড়েনেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি, এমনটাই বলছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। এছাড়া বেতন কর্তন নিয়ে ক্লাবের সিনিয়র ফুটবলারদের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছিল বলে শোনা যায়। তবে সবকিছুকে উড়িয়ে দিলেন রবার্তো। তার মতে, ফুটবলাররা মাঠের খেলার বাইরে কিছুই ভাবেন না। রবার্তো বলেন, আমার মনে হয়, বার্তোমিউ’র পদত্যাগের পর এটা সবচেয়ে ভালো উত্তর হয়েছে। অনেক কথা ছড়িয়েছে। অনেকে মনে করে ক্লাব রাজনীতির সঙ্গে ফুটবলাররা জড়িত। আসলে অমন নয়। আমরা শুধু মাঠে জিততে চাই এবং আজকে আমরা সেটি দেখিয়েছি। আমরা কেবল মাঠের খেলায় ফোকাস করি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর