ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেলো লিভারপুল। অ্যানফিল্ডে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটা জিতলেই অ্যানফিল্ডে টানা ৬৩ ম্যাচ, অপরাজিত থাকার রেকর্ডের হাতছানি লিভারপুলের সামনে। যদিও ওয়েস্টহ্যামের বিপক্ষে হোঁচট খাওয়ার শঙ্কা উড়িয়ে, শেষ পর্যন্ত স্বস্তির জয় দিয়েই সেই রেকর্ড স্পর্শ করলো লিভারপুল। অ্যানফিল্ডে লিভারপুল বরবারই অপ্রতিরোধ্য। স্বাগতিকদের শুরুর ফরমেশনটা ছিল ৪-৩-৩। তবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার করলেও, তার প্রতিফলনটা দেখা যায়নি ক্লপ শিষ্যদের। উল্টো আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দেয়া ওয়েস্ট হ্যাম এগিয়ে যায় ১২ মিনিটেই। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার পাবলো ফোরনালস। সমতায় ফিরতে অ্যাটাকিং ফুটবল লিভারপুলের। কিন্তু ওয়েস্টহ্যামের জমাট রক্ষণদূর্গে যেনো ছন্নছাড়া সাদিও মানে-সালাহ-ফিরমিনোরা। ২৫ মিনিটে হেন্ডারসনের শট লক্ষ্যভ্রষ্ট হলে, চিন্তার ভাঁজ ক্লপের কপালে। তবে ৪২ মিনিটে মোহাম্মদ সালাহর স্পট কিক থেকে সমতায় ফেরে লিভারপুল। এরপর দু’দলই আক্রমণের পসরা সাজিয়ে ব্যবধান বাড়াতে না পারলে, প্রথমার্ধ থাকে ১-১ সমতায়। বিরতির পর এগিয়ে যেতে দাপুটে ফুটবল অলরেডদের। ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা দিয়াগো জোতার গোলে লিড নেয় লিভারপুল। তবে সাদিও মানে বলের নিয়ন্ত্রণ নিতে স্লাইডে গোলকিপারকে ফাউল করায়, ভি আরের সাহায্য নিয়ে গোলটি বাতিল করেন রেফারি। অবশেষে ৮৫ মিনিটে অলরেডদের এগিয়ে দেন দিয়াগো জোতা। শেষ পর্যন্ত অতিথিরা সমতায় ফিরত ব্যর্থ হলে, চলতি মৌসুমে পঞ্চম জয় নিশ্চিত হয় লিভারপুলের। এ জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার বর্তমান চ্যাম্পিয়নরা।