ফুটবলারদের মাঠে ফেরা নিয়ে যা বললেন কোচ জেমি ডে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৯৭৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য যাদের ডাকা হয়ে ছিল তাদেরকেই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের ক্যাম্পে ডাকা হবে। আগের মতোই ৩৬ সদস্যের স্কোয়াড হবে। জানিয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। কোভিড টেস্টে এবার সতর্ক থাকার পরামর্শ কোচের। আগামী সপ্তাহে বাংলাদেশে পা রাখবেন জেমি। কোয়ারেন্টিন শেষে যোগ দিবেন ক্যাম্পে।

দীর্ঘ ৮ মাসের নীরবতা ভাঙছে দেশের ফুটবলে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন জামাল ভূঁইয়ারা। তাই জরুরি ভিত্তিতে জাতীয় ফুটবল দলের ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন।

বিশ্বকাপ বাছাইপর্বের ক্যাম্প নিয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে জাতীয় দলের। স্কোয়াডে থাকা তিন-চতুর্থাংশ ফুটবলার হন করোনা পজিটিভ। এবার তাই সতর্ক বাফুফেও। কয়েক দফা করোনা টেস্টর পর ফুটবলাররা যোগ দিবেন ক্যাম্পে। আগের মতোই ডাকা হবে ৩৬ ফুটবলার।

জাতীয় দলের হেড কোচ জেমি ডে বলেন, লম্বা সময় খেলার বাইরে ফুটবলাররা। আমরা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ৩৬ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলাম। নেপালের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্পেও তাদেরকেই ডাকা হবে। কোভিড টেস্ট নিয়ে খেলোয়াড়দের বাজে অভিজ্ঞতা হয়েছে আগেরবার। এবার তাই সতর্ক থাকতে হবে। আশা করি ফেডারেশন বিষয়গুলো বিবেচনায় রাখবে।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফুটবলারদের ফিটনেসে মরচে পড়ে গেছে নিশ্চিতভাবেই। তাই ক্যাম্পে বেশি গুরুত্ব পাবে ফিটনেস ট্রেইনিং।

এরই মধ্যে হয়ে গেছে ম্যাচের সূচি। নিজেদেরকে গুছিয়ে নেয়ার জন্য ২০ দিনের মতো সময় পাচ্ছেন ফুটবলাররা। তাই অনুশীলনে নিজেদের মাঝে ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে কোচের।

জেমি ডে বলেন, দেখুন ম্যাচের সূচি তৈরী হয়ে গেছে। আমরা খুব বেশি সময় পাবো না অনুশীলনের। এই সময়টায় নিজেদের ফিট করতে হবে। এতদিন মাঠের বাইরে থেকে আবার প্রতিযোগিতামূলক ম্যাচে পারফর্ম করাটা কঠিন। তবে আমাদের হাতে অনেক কিছুই নেই। তাছাড়া প্রতিপক্ষ নেপালেরও একই অবস্থা। সুতরাং আশা করি সমস্যা হবেনা। আমি আগামী সপ্তায় বাংলাদেশে যাবো। ইংল্যান্ডে করোনা টেস্ট করিয়ে যাত্রা করবো। বাংলাদেশেও টেস্ট করাতে হবে। আশা করি এ মাসের শেষ দিকে কোচিং স্টাফরা ক্যাম্পের সাথে যোগ দিতে পারবেন।

ঘরের মাঠে ম্যাচ বলে আশাবাদী কোচ। জয় দিয়েই দীর্ঘদিনের অপেক্ষা ঘোচাতে চান ইংলিশ গুরু।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর