পোল্যান্ডের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেন ইগা শিয়নটেক। স্থানীয় সময় শনিবার আমেরিকার সোফিয়া কেনিনকে স্ট্রেট সেটে হারিয়ে এবছরের ফরাসি ওপেন জিতলেন পোলিশ ইগা। বিশ্ব র্যাঙ্কিং–এর চতুর্থ সোফিয়া নন, লাল মাটির কোর্টে শনিবার প্রথম থেকেই প্রাধান্য ছিল, বিশ্ব র্যাঙ্কিং–এর অনেক নীচের দিকে থাকা ১৯ বছরের ইগার। জেতার পর ট্রোফি হাতে তৃপ্ত ইগা স্বীকার করেন, ‘প্রথমেই বলি, আমি খুব ভালো ভাষণ দিতে পারি না, দুঃখিত কারণ আমি আমার শেষ প্রতিযোগিতা জিতেছিলাম তিন বছর আগে এবং আমি সত্যিই জানি না কাকে ধন্যবাদ দিতে হবে, কিন্তু আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা এই প্রতিযোগিতা শেষ হতে সাহায্য করেছেন, কারণ এই সময় সংগঠনের পক্ষে প্রতিযোগিতা আয়োজন করা অত্যন্ত কঠিন ছিল।’ ফরাসি ওপেনের ওয়েবসাইটে ইগার এই মন্তব্য পোস্ট করা হয়েছে। ইগা আরও বলেন, ‘আমি খুব খুশি যে আমরা আমাদের কাজটা করতে পেরেছি আর মানুষকে আনন্দ দিতে পেরেছি, আপনাদের ধন্যবাদ। প্রতিবছর আমি দেখতাম কীভাবে রাফা ট্রোফি তুলে ধরে আর এখন আমিও সেই স্থানে, পোল্যান্ডে যাঁরা আমাকে দেখছিলেন তাঁদের ধন্যবাদ। আমি জানি দেশ এখন আনন্দে মেতে উঠেছে।’
২০০৭ সালে জাস্টিন হেনিনের পর ইগাই প্রথম মহিলা যিনি একটাও সেট না হারিয়ে প্রতিযোগিতা জিতলেন।