নাইটদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত শচীন, খুশি চেপে রাখতে পারলেন না শাহরুখও

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৮০২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

তরুণদের কাঁধে চেপে আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়েছে কেকেআর। দুরন্ত শুভমান গিল, শিবম মাভি, কমলেশ নাগারকোটিরা। আর এই তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ স্বয়ং মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার। তিনি টুইট করেছেন। মাস্টারের সেই টুইট পোস্ট করে দলের প্রশংসায় পঞ্চমুখ নাইট কর্ণধার শাহরুখ খানও।
হায়দরাবাদের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানোর পর রাজস্থানের বিরুদ্ধে ৩৪ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন শুভমান গিল। তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি। অন্যদিকে বল হাতে দুরন্ত শিবম মাভি–কমলেশ নাগারকোটিরা। দুজনেই দুটি করে উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে মুগ্ধ মাস্টার ব্লাস্টার। টুইট করে শচীন লেখেন, ‘‌শুভমান গিলের দুরন্ত ব্যাটিং। ও বেশ কিছু ভাল শট খেলেছে। রাসেলের ছোট্ট ইনিংস কার্যকরী। আর সেইসঙ্গে ইয়ন মর্গ্যান শেষদিকে ব্যাট হাতে নাইট রাইডার্সের জন্য একটা ভাল স্কোর করতে সাহায্য করেছে। সেইসঙ্গে দুরন্ত বোলিং পারফরম্যান্স। বোলার পরিবর্তন ছিল দেখার মতো। এই দলটাকে বেশ ভাল লাগছে। দলে সুন্দর একটা ব্যালান্স রয়েছে।’‌
শচীন তেন্ডুলকারের এই টুইটটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘‌কিংবদন্তি শচীন তেন্ডুলকার যখন দলের প্রশংসা করছেন, তখন আমার আর কিছু বলার থাকে না। ম্যাচে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। দলকে অনেক অনেক শুভেচ্ছা।’‌ বুধবার দুবাইয়ে স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানকে নিয়ে মাঠে বসে ম্যাচ দেখেছেন কিং খান। মাঠে নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে শাহরুখকে। এবার তিনি রেখেছেন লম্বা চুল। তাঁর মুখে ছিল কেকেআর মাস্ক। মাথায় ছিল বেগুনি রঙের টুপি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর