আসছে শীতে করোনা প্রতিরোধে দেশের সব স্থল ও বিমান বন্দরে স্বাস্থ্য পরীক্ষা চালু করার পাশাপাশি কোয়ারেন্টাইন জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু যুব দিবস উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
এ সময় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুব সম্প্রদায়কে সব ধরনের অপকর্ম থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই কঠোর থাকবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।
চলমান মহামারি করোনা ভাইরাস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, করোনার প্রভাব সব দেশে আবারো ব্যাপক ভাবে দেখা দিচ্ছে। ইউরোপের অনেক দেশ লক-ডাউন দিচ্ছে। তাই আমাদের সবাইকেও এখন সুরক্ষিত থাকতে হবে। আমাদেরকেও এখন সজাগ থাকতে হবে।
তিনি বলেন, এখন থেকে যারাই দেশের বাইরে থেকে আসবে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তাদের সবার করোনা টেস্ট করাতে হবে। বিমানবন্দর থেকে শুরু করে সব স্থল বন্দরে কেউ প্রবেশ করতে গেলেই চেক করতে হবে করোনা ভাইরাস নিয়ে কেউ দেশে ঢুকছে কিনা।