করোনা পরবর্তী সময়ে মাঠে ফেরা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার। কদিন আগে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন নড়াইল এক্সপ্রেস। শুরুতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে স্ক্যান করার পর ম্যাশের সার্বিক অবস্থা বোঝা যাবে। এদিকে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকের ইনজুরির ভবিষ্যৎ নির্ভর করছে ফিজিওর পরবর্তী রিপোর্টের ওপর।
মাশরাফীর ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সরাসরি দেখতে পারিনি। ফোনে কথা হয়েছে। মাশরাফীর একটা স্ক্যানিং করতে হবে। ও আমাকে যেটা বলেছে, রানিং করতে গিয়ে ব্যথা পেয়েছে। হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছে ৫ দিন আগে। প্রথম ৩-৪ দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ওষুধ, বরফ যা যা করতে হয় করেছে। এখন যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে স্ক্যান করতে হবে। তারপর আমরা একটা প্ল্যান করতে পারব।
অন্যদিকে মুশফিকের ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, টিম ফিজিও আমাকে যে রিপোর্টটা দিয়েছে, নাথিং সিরিয়াস। প্রাথমিক চিকিৎসা চলছে। আমরা বলেছি, যদি মেডিকেল সাপোর্ট দরকার হয় তাহলে আমাদের জানাতে। কিন্তু এখনও কিছু জানায়নি। আমরা এখন অপেক্ষা করছি। যেহেতু বায়ো-সিকিউর-বাবল আমরা তো ওখানে ঢুকতে পারছি না। আমাদের সব বাইরে থেকে করতে হচ্ছে।