গবেষণা প্রতিবেদনটি সমগ্র ঢাকার করোনার চিত্র নয়: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৯২২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

কোভিড ১৯-এর বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে যে গবেষণা করেছে, সেটিতে সমগ্র ঢাকার করোনার চিত্র তুলে ধরা হয়নি বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার আইইডিসিআরের মহাপরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি বলছে, ঢাকা মহানগরীর প্রকৃত চিত্র তুলে ধরতে হলে ভবিষ্যতে প্রতিনিধিত্বমূলক সংখ্যক নমুনা সংগ্রহ করে আরও বড় পরিসরে গবেষণা করতে হবে। এ বিষয়ে বিভ্রান্তি নিরসনের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইইডিসিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ঢাকা মহানগরীতে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি নিয়ে আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ গবেষণার অন্তর্বর্তীকালীন ফল প্রকাশ করা হয়। গবেষণাটি গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহকে আন্তরিক ধন্যবাদ জানাই। গবেষণাটি ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বমূলক চিত্র তুলে ধরেছে বলে দাবি করা হয়নি। কিন্তু কোনো কোনো গণমাধ্যমে গবেষণাটিতে সমগ্র ঢাকা মহানগরীর চিত্র তুলে ধরেছে বলায় এর বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে। এত কমসংখ্যক নমুনা পরীক্ষার ফলকে সমগ্র ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বকারী চিত্র বলে সিদ্ধান্তে আসা উচিত হবে না।

ঢাকা মহানগরীর প্রকৃত চিত্র তুলে ধরতে হলে ভবিষ্যতে প্রতিনিধিত্বমূলক সংখ্যক নমুনা সংগ্রহ করে আরও বড় পরিসরে গবেষণা করতে হবে। সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহকে আমাদের এ বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিভ্রান্তি নিরসনে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, ১২ অক্টোবর করোনার সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর বিষয়ে এক সেমিনারে বলা হয়, রাজধানী ঢাকার ২৫টি ওয়ার্ডে ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ দশমিক ৮ শতাংশের মধ্যে। গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে ৪৫ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া বস্তি এলাকার ৭৪ শতাংশ মানুষ ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর