ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উড়ন্ত শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। এরপরই খেই হারিয়ে ফেলে তার। প্রথম সাত ম্যাচ খেলে পাঁচটিতেই হারতে হয়েছে ধোনির দলকে।
আবারো জয়ের ধারায় ফিরলো চেন্নাই। প্রথম পর্বের সাত ম্যাচ বাজে খেলার পর, শেষের সাত ম্যাচের প্রথমটিতে শুভসূচনা করলো তারা।
সানরাইজার্স হায়দ্রাবাদকে ২০ রানে হারিয়ে টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ছুঁড়ে দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রানে থামে হায়দ্রাবাদের ইনিংস।
চেন্নাইয়ের করা ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ওয়ার্নারের হায়দ্রাবাদ। দলীয় ২৭ রানেই সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার এবং মানিশ পান্ডে। এরপর বেয়ারোস্টোকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন কেন উইলিয়ামসন। এক প্রান্ত আগলে রেখে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ করতে সক্ষম হয় হায়দ্রাবাদ। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ধোনির দল।
এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সন্দ্বীপ শর্মার বলে শূন্য রানে ফিরে যান ফাফ ডু প্লেসিস। স্যাম কুরানের লড়াইয়ে এগিয়ে যাচ্ছিলো চেন্নাই। ২১ বলে ৩১ রান করে সন্দ্বীপের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনিও।
এরপর জুটি গড়েন শেন ওয়াটসন এবং আম্বাতি রাইড়ু। রাইড়ু ফেরেন ৩৪ বলে ৪১ রান করে। আর ওয়াটসন করেন ৩৮ বলে ৪২ রান। শেষদিকে ধোনির ২১ আর জাদেজার ১০ বলে ২৫ রানের ওপর ভর করে ১৬৭ রানের পুঁজি পায় চেন্নাই।