লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানসহ কোনো ক্রিকেটারের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বীপরাষ্ট্রটির এই ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নাম নিলামের তালিকায় আছে। আজ সোমবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ কথা জানান তিনি।
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে আমাদের খেলোয়াড়েরা যাবে কি না-এমন প্রশ্নে পাপন বলেন, ‘সম্ভাবনা দেখি না কোনো, আমাদের এখানেই তো লিগ শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে।’
বিসিবি সভাপতি জানিয়েছেন, শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় দেশের ক্রিকেট চালু করা হবে। এর মধ্যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন হতে পারে। এ ছাড়া ঘরোয়া লিগের যে খেলাগুলো বাদ রয়েছে, সেগুলো পুনরায় চালু করা হবে।
এলপিএলের নিলামে আছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহীম, অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ। আর বোলিংয়ে আছেন রুবেল হোসেন। নিলাম হওয়ার কথা রয়েছে আগামী ১ অক্টোবর। আসর শুরু হওয়ার কথা রয়েছে ১৪ নভেম্বর, শেষ হবে ৬ ডিসেম্বর।
এলপিএলে তিনটি ভেন্যুতে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলম্বো, কেন্ডি, গল, ডাম্বুলা ও জাফনা শহরের পাঁচটি দল আসরে অংশ নেবে। প্রতিটি দলে ছয়জন করে বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। তবে করোনাভাইরাসের কারণে এই লিগ হওয়া নিয়ে সংশয় আছে।