প্রথম রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ব্রিটিশ রাজা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। রাজা হিসেবে চার্লসের যুক্তরাষ্ট্রে এটিই প্রথম সরকারি সফর। এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধনকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

এবিসি নিউজের খবর অনুসারে, আগামী ২৭ এপ্রিল তারা যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। সফরের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়া সফর করবেন রাজা ও রানি। বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই সফরে দুই দেশের যৌথ ইতিহাস, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক এবং জনগণের পারস্পরিক সংযোগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

সফরের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত চা-আড্ডায় অংশ নেবেন তারা। পরে হোয়াইট হাউসে সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজকীয় অভ্যর্থনা, দ্বিপক্ষীয় বৈঠক এবং রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হবে।

এ সফরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাজা চার্লস। ব্রিটিশ কোনো রাজাধিরাজের এটি হবে দ্বিতীয়বারের মতো এমন ভাষণ। এর আগে তিন দশকেরও বেশি আগে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই সম্মান পেয়েছিলেন।

নিউইয়র্কে ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে হামলায় নিহতদের পরিবারের সদস্য এবং জরুরি সেবাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন চার্লস ও ক্যামিলা। এছাড়া শহরটিতে সাহিত্য, খাদ্যনিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ব্রিটেনের অর্থনৈতিক ও সৃজনশীল সম্পর্ক নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেবেন তারা।

ভার্জিনিয়ায় তারা একটি জাতীয় উদ্যান, ঘোড়দৌড়কেন্দ্রিক একটি স্থানীয় খামার এবং অ্যাপালাচিয়ান সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনা উপভোগ করবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি ব্লক পার্টিতেও যোগ দেবেন রাজদম্পতি।

২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর এটি হবে চার্লসের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এবার রাজা হিসেবে তার এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর