অ্যাডিলেড সব সময়ই কথা বলে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন এই ভেন্যুতেই।
এখানেই সাত ইনিংসে করেছেন ৫০৩ রান। আর কোনো ভেন্যুতে তার এত রান নেই। তার নিজের শহর দিল্লিতে ৪৬৭ রান।
আর সেই অ্যাডিলেডে বৃহস্পতিবার গোলাপি বলের টেস্টের প্রথমদিন দুর্ভাগ্য তাড়া করেছে ভারত অধিনায়ককে। আজিংকা রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৭৪-এ রানআউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে কোহলির।
দুর্ভাগা কোহলির অপয়া ছায়া পড়েছে দলের আর সব ব্যাটসম্যানের ওপরও। কোহলির রানআউটের পর মাত্র ৫৬ রানে ৭ উইকেট হারিয়েছে ভারত।
গতকাল কোহলির আউটের আগে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮৮। এরপর আরও ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে দিন শেষ করে ম্যান ইন ব্লুর দল।
শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতে ভারত দল টিকতে পেরেছে মাত্র ২৫ বল। এই সময় স্কোরবোর্ডে ১১ রান তুলতেই বাকি ৪ উইকেট হারিয়েছে কোহলির দল।
অসি বোলারদের তোপে গতকালের অপরাজিত দুই ঋদ্ধিমান সাহা আর রবিচন্দ্র অশ্বিন আজ ফিরেছেন যথাক্রমে ৯ ও ১৫ রানে। এর আগে তিন ব্যাটসম্যান উমেশ যাদব, যশপ্রীত বুমরা আর মোহাম্মদ সামি শুধু আসছেন আর গেছেন।
সব উইকেট খুইয়ে ২৪৪ রানে শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস। এরমধ্যে কোহলির ১৮০ বলে করা ৭৪ রানই সর্বোচ্চ। চেতেশ্বর পূজারার ১৬০ বলে ৪৩ আর রাহানের ৯২ বলে ৪২ রান ছাড়া উল্লেখ করার মতো কোনো ব্যক্তিগত ইনিংস নেই ভারতের।
প্রথম ইনিংসে ভারতকে ধসিয়ে দিয়েছেন অসি পেসার মিচেল স্টার্ক। একাই নিয়েছেন ৪ উইকেট। ২১ ওভার বোলিং করে ৫ মেডেনে ৫৩ রান দিয়েছেন তিনি। সময়ের সেরা বোলার প্যাট কামিন্সও কম যাননি। ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। জশ হ্যাজলউড আর নাথান লায়ন নিয়েছেন ১টি করে উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নেমে ভারতীয় বোলারদের আক্রমণে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়ার টপঅর্ডার।
২৭ ওভারে ৪৫ রান করতেই ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বুমরার ক্ষুরধার বোলিংয়ে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার ম্যাথু ওয়েড ও জো বার্নস। দুজনেই ৮ রান করে যোগ করেছেন স্কোরবোর্ডে।
দলের হাল ধরতে এসে কিছুই করতে পারেননি স্টিভ স্মিথ। ২৯ বল খেলে মাত্র ১ রান করতে পেরেছেন। রবীচন্দ্র অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৪৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ২৭ রানে ব্যাট করছেন মার্নুস লাবুশানে।