করোনার কারণে টেনিসের অনেক আসরই বাতিল হওয়ায় লম্বা বিরতি পান খেলোয়াড়রা। আর এই বিরতিই নাকি সামনে টুর্নামেন্ট জিততে সাহায্য করবে। এমন মন্তব্য করেছেন রাফায়েল নাদাল। এদিকে বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালসে অংশ নেবেন বলেও নিশ্চিত করেছেন এই স্প্যানিশ টেনিস তারকা।
ইনজুরি ও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন টেনিস কোর্টের বাইরে ছিলেন রাফায়েল নাদাল। ইতালিয়ান ওপেন দিয়ে আবারও কোর্ট ফিরে আসেন এই টেনিস তারকা।
তবে, ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও, নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে, ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতে আবারো নিজের শ্রেষ্ঠত্বের জানান দেন রাফা।
এদিকে আবারো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কোর্টে নামছেন তিনি। অংশ নেবেন প্যারিস মাস্টার্সে। এখন পর্যন্ত প্যারিস মাস্টার্সের শিরোপার স্বাদ পাওয়া হয়নি রাফার। তাই শিরোপা জেতার লক্ষ্যেই কোর্টে নামবেন বলে জানান তিনি।
রাফায়েল নাদাল বলেন, এটা সত্য যে, এর আগে এখানে আমি কোনো শিরোপা জিততে পারিনি। অনেক সময় দেখা গেছে ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়তে হয়েছে আমাকে। কিন্তু এবার আমি প্রস্তুত শিরোপা জয়ের জন্য। তাই কোর্টে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।
চলতি বছরে করোনার কারণে এটিপি ট্যুরের অনেক আসরই বাতিল হয়েছে। তাই লম্বা একটা বিরতি পান খেলোয়াড়রা। আর বড় কোনও টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগও কম পাচ্ছেন তারা। তবে নাদালের দাবি, টেনিসের এই বিরতিই নাকি তাকে সামনের টুর্নামেন্ট জিততে সাহায্য করবে।
রাফায়েল নাদাল আরও বলেন, এটিপি ট্যুরের সূচি কমানোর কারণে অনেকেই বড় টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে পারছে না। তবে আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আমি এর আগেও লম্বা বিরতি থেকে কোর্টে দুর্দান্তভাবে ফিরেছি। এবারো তাই হয়েছে। তাই আমার বিশ্বাস, এই বিরতিটা আমাকে প্যারিস মাস্টার্স ও এটিপি ট্যুর ফাইনালস জিততে সাহায্য করবে।
অন্যদিকে, লন্ডনে নয়, এবারের এটিপি ট্যুর ফাইনালসের ৫০তম আসর বসতে যাচ্ছে ইতালির তুরিনে। আর বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন নাদাল।
আগামী ১৫ নভেম্বর শুরু হবে মৌসুমের শেষ প্রতিযোগিতা এটিপি ট্যুর ফাইনালস।