নির্দিষ্ট কোনো প্রোগ্রাম নয় বরং এবার সারা বছরই হাইপারফর্মেন্স ইউনিটের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা বিসিবির। তারই ধারাবাহিকতায় আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। পরিকল্পনায় এগোচ্ছে যুবাদের ইংল্যান্ড সফরও। জানিয়েছেন হাইপারফর্মেন্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।
এদিকে কোচ টবি র্যাডফোর্ডের কাছে এইচপি দলকে নিয়ে আগামী ১ বছরের কর্মপরিকল্পনা জানতে চেয়েছে বিসিবি।
কোভিডকালে জাতীয় দলের পরেই বোধহয় বড় ধাক্কাটা গেছে বিসিবির হাইপারফর্মেন্স ইউনিটের ওপর দিয়ে। ক্যালেন্ডারের মার্চ-এপ্রিলের প্রোগ্রাম পিছিয়েছে অক্টোবরে, বাতিল হয়েছে শ্রীলঙ্কায় অনুশীলন ক্যাম্পও। তাইতো অনেকটা বাধ্য হয়েই মিরপুরে একাডেমি মাঠে ২৬ ক্রিকেটারকে নিয়ে চলছে এইচপির রুদ্ধদ্বার প্রস্তুতি।
তবে আছে ইতিবাচক খবরও। লঙ্কা সফর বাতিল হলেও নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ডের আগমন। এছাড়াও কথা চলছে বিলেতে কন্ডিশনিং ক্যাম্পেরও। আগামী বছর হাইপারফর্মেন্স ইউনিটের সঙ্গে ম্যাচ খেলতে বঙ্গদেশে আসতে পারে অরো একধিক দল।
বিসিবির হাইপারফর্মেন্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয় বলেন, প্রেসিডেন্টস কাপ শেষ হওয়ার সাথে সাথেই আমরা এইচপি দলের ক্যাম্প শুরু করে দিয়েছি। ফেব্রুয়ারি-মার্চে আয়ারল্যান্ড আসবে। এরপর ইংল্যান্ড সফরে যাওয়ার চেষ্টা করছি। সেখানে কোন কাউন্টি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে চাই। আরো বেশ কিছু দলকে আমরা বাংলাদেশে আনার চেষ্টা করছি।
জাতীয় দলের বড় পাইপলাইন এই এইচপি ইউনিট। অথচ পূর্বে একটি নির্দিষ্ট ক্যালেন্ডার মেনেই করা হতো কন্ডিশনিং ক্যাম্প। তবে দেরিতে হলেও এবার বোধোদয় হয়েছে বিসিবির। খেলার ফাঁকে ফাঁকে আগামী বছরে প্রায় পুরোটা সময়ই হাইপারফর্মেন্স ইউনিটের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা তাদের।
দূর্জয় বলেন, আমরা চেষ্টা করছি আমাদের ট্রেইনিং প্রোগ্রাম সর্বোচ্চ সময়ে চালানোর। জাতীয় দলের সঙ্গে এইচপি দলের কার্যক্রমটাও চালাতে চাই। সারা বছর ওরা যাতে মাঠ থাকতে পারে সে জন্য কাজ করছি।
আছে সদ্য নিয়োগ পাওয়া কোচ টবি র্যাডফোর্ডের কাছে প্রত্যাশাও। তার কাছে জানতে চাওয়া হয়েছে আগামী এক বছরের কর্মপরিকল্পনা।
নাইমুর রহমান দূর্জয় বলেন, দেখুন এইচপি ন্যাশনাল টিমের পাইপলাইন। তাই আমরা চাই যেন ক্রিকেটাররা তাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত হতে পারে। কোচের সঙ্গে আমাদের এক বছরের চুক্তি আছে। এই সময়ে তার পরিকল্পনা জানতে চেয়েছি। তার বিষয়ে আমরা ইতিবাচক।
প্রথম ধাপে ১২ নভেম্বর শেষ হবে এইচপি দলের ক্যাম্প। এরপর ডিসেম্বরের মাঝামাঝি আবারো দ্বিতীয় ধাপে ক্যাম্প চালু করার পরিকল্পনা বিসিবির।