গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদ শেষ হওয়ার পরও টাকা ফেরত না দিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ উঠেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। গত চার বছরে প্রায় ১৪শ’ গ্রাহকের ৪ কোটি টাকা ফেরত দেয়নি কোম্পানিটি। এ অবস্থায় প্রতিনিয়ত অফিসে ঘুরছেন গ্রাহকরা কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না তারা। তবে কোম্পানিটি আগামী দু’মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্সের অফিস গোবিন্দগঞ্জের পশ্চিম চারমাথা এলাকায়। অফিসের বাহিরে কোন সাইনবোর্ড নেই। প্রতিদিন সকাল থেকেই শত শত গ্রাহক টাকার খবর নিতে আসেন এখানে। ১৪শ’ গ্রাহকের ১২ বছর মেয়াদী বীমার মেয়াদ পূর্তি হয়েছে কারো চার বছর, কারো তিন বছর আগে। চুক্তি অনুযায়ী, পলিসির মেয়াদ উর্ত্তীণের ৯০ দিনের মধ্যে গ্রাহকের জমানো টাকা ফেরত দেয়ার কথা থাকলেও টাকা ফেরত দেয়নি কোম্পানিটি।
ভালো নেই সানলাইফের কর্মীরাও। লাঞ্চনা বঞ্চনাসহ হামলার শিকার হয়েছেন তারা। ভবিষ্যতে টাকা পাওয়া নিয়ে তাদের মধ্যেও দেখা দিয়েছে শঙ্কা।
তারা জানান, টাকা না পেয়ে গ্রাহকরা অনেক সময় তাদের বাড়িতেও হামলা করছে।
টাকা না দেয়ার বিষয়টি স্বীকার করে আগামী দু’মাসের মধ্যে ফেরত দেয়ার আশ্বাস দেন সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গোবিন্দগঞ্জের জুনিয়র প্রজেক্ট ডিরেক্টর রাহেনা আলম। তিনি বলেন, কোম্পানির কাছে এখানকার অবস্থা তুলে ধরা হয়; কোম্পানি নতুন নতুন তারিখ দেন। এবারও টাকা দেয়ার কথা জানিয়েছে কোম্পানি।
গোবিন্দগঞ্জে সানলাইফ ইন্স্যুরেন্সেরের গ্রাহকের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। তবে ১৪শ গ্রাহকের টাকা ফেরত দিতে না পারলেও নতুন করে গোপনে সদস্য সংগ্রহ করছে কোম্পানিটি – এমন অভিযোগ পাওয়া গেছে।