জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরেই চীনে মহিলা নাগরিকদের উপর বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে বলে অভিযোগ উঠছিল। এবার সরাসরি চীন লক্ষ লক্ষ শিশুকন্যাকে খুন করেছে বলে অভিযোগ জানালেন মার্কিন শিক্ষাসচিব বেস্টি ডেভোস।
১৯৯৫ সালে চীনের রাজধানী বেজিংয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার তার ২৫ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের তরফে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ছাড়াও উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও আমেরিকার শিক্ষাসচিব বেস্টি ডেভোস–সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নারী নির্যাতনের বিষয়ে চীনের তীব্র সমালোচনা করেন মার্কিন শিক্ষাসচিব। ভেনেজুয়েলা, কিউবা, ইরান ও চীনে মহিলাদের উপর অকথ্য অত্যাচার হয় বলে উল্লেখ করেন তিনি।
শি জিনপিংয়ের প্রশাসনকে তোপ দেগে বেস্টি ডেভোস বলেন, ‘১৯৯৫ সাল থেকেই লক্ষ লক্ষ শিশুকন্যাকে খুন করে নিষ্ঠুর পদ্ধতির মাধ্যমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে চীনের কমিউনিস্ট পার্টি। দুর্ভাগ্যবশত রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলিও এই কাজে তাদের সাহায্য করছে। আমরা রাষ্ট্রপুঞ্জের কাছে এই ঘটনাগুলি অবহেলা না করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’