এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ। বুধবার সমন পাওয়ার পর এদিন সকালে ভারসোভা থানায় জেরার মুখোমুখি হতে পৌঁছন অনুরাগ। তাঁর সঙ্গে থানায় গিয়েছিলেন অনুরাগের আইনজীবী প্পিয়াঙ্কা খিমানি। অভিযোগকারিণী অভিনেত্রী রাজ্যপাল বিএস কোশিয়ারি এবং রাজ্যসভার সাংসদ রামদাস আটওয়ালের সঙ্গে দেখা করে অনুরাগের গ্রেপ্তারিতে ঢিল দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরই এই পদক্ষেপ মুম্বই পুলিশের। অনুরাগের আইনজীবী তাঁর হয়ে বিবৃতিতে বলেছেন, এধরনের মিথ্যা অভিযোগে রীতিমতো ব্যথিত অনুরাগ। এধরনের ভুয়ো অভিযোগের ফলে প্রকৃত নির্যাতিতাদের লড়াই এবং সমস্যাকে আরও কঠিন করে তোলে। একজন আইন মানা নাগরিক হিসেবেই তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন, বিবৃতিতে বলেছেন অনুরাগ। এদিনই ভারসোভা থানার পুলিশ অভিযোগকারিণীকে হাসপাতালে নিয়ে যায় তাঁর শারীরিক পরীক্ষার জন্য। গত ২০ সেপ্টেম্বর ওই অভিনেত্রী অভিযোগ করেন, পাঁচ বছর আগে তাঁকে যৌন নিগ্রহ এবং ধর্ষণ করেছিলেন অনুরাগ। কিন্তু রক্ষণশীল পরিবারের চাপে তিনি সেই অভিযোগ সেসময় প্রকাশ্যে আনতে পারেননি। অনুরাগ তখনই সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।