ফের পেছালো ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৬০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ২৪ সেপ্টেম্বর আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছিল। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার আসামি পক্ষের অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন মঞ্জুর করে ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

ডিআইজি মিজান ছাড়া অন্য আসামিরা হলেন– মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

সূত্র জানায়, আজ আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মিজানের স্ত্রী ও ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন– ডিআইজি মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

গত ১ জুলাই মিজান হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এরপর ওই দিনই শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন (২ জুলাই) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। এরপর তার পক্ষে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ৪ জুলাই ভাগ্নে মাহমুদুল হাসান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। উভয় আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর