রুদ্ধশ্বাস ম্যাচ। সুপার ওভারে নিষ্পত্তি। সেখানেও টানটান উত্তেজনা। একেবারে শেষ বলে ফয়সালা। বিরাটের ব্যাটে আসে জয়সূচক রান। কিন্তু মুম্বইও দুরন্ত লড়াই করেছে। এক রানের জন্য শতরান পাননি ঈশান কিষান। মাত্র ৫৮ বলে করেছেন ৯৯। শেষ ওভারে আউট হন তিনি। সেই ঈশান কিষানকেই সুপার ওভারে আর ব্যাট করতে পাঠাননি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। যার ব্যাখ্যা তিনি দিয়েছেন ম্যাচ শেষে। বলেছেন, ‘ঈশান ক্লান্ত হয়ে গিয়েছিল। সুপার ওভারে পোলার্ডের সঙ্গে পাঠানো হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। কিন্তু পান্ডিয়া বড় শট মারতে পারেননি। পোলার্ড আউট হওয়ার পর ব্যাট করতে আসেন রোহিত। মুম্বই সুপার ওভারে তোলে মাত্র ৭ রান। ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘দুর্দান্ত ম্যাচ। আমরা যখন ব্যাট করতে শুরু করি, তখন ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিলাম। ঈশানের দুরন্ত ইনিংস আমাদের ম্যাচে ফেরায়। আর পোলার্ড বরাবরেই মতোই বিধ্বংসী ছিল। এই দু’জনের জন্যই আমরা রানটা তাড়া করতে পেরেছি। আমাদের ব্যাটিং গভীরতার জন্যই তা সম্ভব হয়েছে।’ এরপরই রোহিতের সংযোজন, ‘পোলার্ড উইকেটে থাকলে যা খুশি হতে পারে। আর ঈশানও বড় শট খেলেছে। আমাদের মধ্যে বিশ্বাস ছিল। চাপের মধ্যেই নিজেদের স্নায়ু ধরে রেখেছিল ঈশান। তবে এতক্ষণ ব্যাট করে ঈশান ক্লান্ত হয়ে গিয়েছিল। সুপার ওভারের সময় বেশ ক্লান্ত ছিল। তরতাজা না থাকায় হার্দিককে পাঠানো হয়েছিল বড় শট খেলার জন্য।’