নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক গৃহবধূকে মারধর এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে স্বামী জনির (২৫) বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত রুপা খাতুন (২৩) নামে ওই গৃহবধূর ওপর নির্যাতন চালায় জনি। রুপা খাতুন এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গৃহবধূ রুপা জানান, তিনি পালিয়ে থানার আশ্রয় নিলে পুলিশ তাকে আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেও তার স্বামী জনি তাকে মারপিট করতে থাকে। পরে উপস্থিত লোকজনের জনরোষে সে পালিয়ে যায়।
পুত্রবধূকে দেখতে আসা জনির মা জাহেরা বেগম বলেন, ‘ছেলেকে বললেও মানা শোনেনা। আমি কি করব?’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’