ফুটপাতে নির্মাণসামগ্রী পেলে স্পট নিলাম করছে ডিএনসিসি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণসামগ্রী পাওয়া গেলেই সেগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলাম করে দিচ্ছে ডিএনসিসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর রোডে মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে একটি টিম।

অভিযানে দেখা যায়, ওই রোডের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়েছে। সেগুলোর জন্য নিলামের ডাক দেয়া হয়। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। রোডে রাখা রডগুলো স্পট নিলামে উঠলে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এদের মধ্যে একজন সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় ক্রয় করে নেন। পরে ট্যাক্স ভ্যাট বাবদ আরও সাত হাজার টাকা দেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে অবৈধ নির্মাণসামগ্রী ও দোকান বা স্থাপনা পাওয়া গেলে সেগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলামে তোলার কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছে।

সূত্র জানায়, ডিএনসিসির অঞ্চল-১ উত্তরা জসীমউদ্দীন মোড়; অঞ্চল-২ (মিরপুর-২) ভাসানটেক; অঞ্চল-৩ (মহাখালী) নগরভবন, গুলশান-২-এর সামনে থেকে শুরু অভিযান হবে। এছাড়া অঞ্চল-৪ (মিরপুর-১০) শাহ আলী মাজারের সামনে, অঞ্চল-৫ (কারওয়ান বাজার) আল্লাহ করিম মসজিদের সামনে, মোহাম্মদপুর; অঞ্চল-৬ (হরিরামপুর) সেক্টর-১২ ও সেক্টর-১৩ এর মোড়; অঞ্চল-৭ (দক্ষিণ খান) দক্ষিণ আজমপুর; অঞ্চল-৮ (উত্তরখান) শাহ কবির মাজার রোড, উত্তরখান; অঞ্চল-৯ ভাটারা এবং অঞ্চল-১০ সাঁতারকুল থেকে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে।

 

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সভায় ডিএনসিসির কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি এলাকায় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়া হবে। ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর