মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিয়ে ফের একবার জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বুধবার করোনাভাইরাস ও ধেয়ে আসা সম্ভাব্য টাইফুন ‘ভাবী’ মোকাবিলায় সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশনা দিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কিম ‘কোমায় আছেন’ এমন খবর প্রকাশিত হয়। এর আগে তার ‘মৃত্যু হয়েছে’ বলেও বেশ কয়েকটি সংবাদ প্রকাশ হয়। সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে আজ প্রকাশ্যে আসলেন কিম।
উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে টাইফুন ‘ভাবী’ মোকাবিলায় কিম সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশনা দিয়েছেন বলে প্রচার করা হয়। এ ছাড়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সভায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়েও তিনি দিক নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়।
উত্তর কোরিয়ার আব্হাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে টাইফুন ‘ভাবী’ আঘাত হানতে পারে। এর প্রভাবে কয়েক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে দেশটিতে।
এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাবেক এক মন্ত্রী কোরিয়া হেরাল্ডকে বলেন, চীনের অজ্ঞাত একটি সূত্র তাকে জানিয়েছে কিম কোমায় আছেন। তবে তার এখনো মৃত্যু হয়নি। এরপর গত কয়েক দিন ধরে যুক্তরাজ্যের মিরর ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পোস্টসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল, কিমের স্বাস্থ্য ভালো নেই। মৃত্যু হয়ে থাকতে পারে তার।
সম্প্রতি বোন কিম ইয়ো জংয়ের হাতে বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বাড়তি দায়িত্ব দেওয়ার কারণে কিমের এবারের মৃত্যুর গুঞ্জন বেশি জোরালো ছিল।