কুষ্টিয়ার কুমারখালীতে গাড়িচাপায় ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আরেক শিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বুজরুখ বাঁখই আনছার ভিডিপি ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় নন্দলালপুর ইউনিয়নের বাঁখই ইসলামপুর গ্রামের নয়নের ছেলে। আর আহত সবুজ (৯) একই এলাকার ফজলুর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, আনছার ভিডিপি ক্লাবের পানির ট্যাংকির সামনে খেলা করছিল হৃদয় ও সবুজ। এ সময় একটি ইটটানা গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শিশু হৃদয়কে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান যুগান্তরকে জানান, গাড়িচাপায় এক শিশু নিহত ও অপরজন আহত হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। চালককেও আটকের চেষ্টা চলছে।