এবার অবিযোগকারিণী অভিনেত্রীর বিরুদ্ধেই ‘মি টু’ আন্দোলনের অপব্যবহারের অভিযোগ আনলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি শুক্রবার বিবৃতি দিয়ে বলেছেন, তাঁর মক্কেল অনুরাগ কাশ্যপ নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন। অভিযোগকারিণীর বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলনকে ছিনতাই বা ‘হাইজ্যাক’ করা এবং ফৌজদারি বিচারব্যবস্থার অপব্যবহারের পাল্টা অভিযোগও এনেছেন অনুরাগ, বলে জানিয়েছেন খিমানি। খিমানি বিবৃতিতে আরও বলেছেন, অভিযোগকারিণী ২০১৩–র আগস্টের যে সময়ের কথা বলছেন, সেই বছরের সম্পূর্ণ আগস্ট মাস তিনি একটি ছবির শুটিং–এর জন্য শ্রীলঙ্কায় ছিলেন বলে তথ্য প্রমাণও পেশ করেছেন অনুরাগ। পরিচালক প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তাঁকে সমর্থন করেছেন তাঁর প্রাক্তন স্ত্রীরা এবং বলিউডের আরও অনেকে।
গত মাসের ২০ তারিখ ওই অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে ২০১৩–র আগস্টে যৌন নিগ্রহ করেছিলেন অনুরাগ যখন তিনি পরিচালকের কাছে কাজ চাইতে গিয়েছিলেন। কিন্তু তখন রক্ষণশীল পরিবারের চাপে সেকথা প্রকাশ করতে পারেননি। সেই অভিযোগের তদন্তে বৃহস্পতিবার ভারসোভা থানার পুলিশ জেরার জন্য অনুরাগকে তলব করেছিল। অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে সরকারি হাসপাতালে নিয়েও যায় পুলিশ।