বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ, গাড়ি ফেলে বিদ্যুৎকর্মীদের পলায়ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় শহরের পুরাতন বাবুপাড়া রোস্তম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে সৈয়দপুর টার্মিনাল থেকে বঙ্গবন্ধু চত্বর (পাঁচ মাথা মোড়) পর্যন্ত উভয়পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, শনিবার রাত থেকে শহরের পুরাতন বাবুপাড়া ও অফিসার্স কলোনী এলাকায় বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও সারাদিনে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বরং তাদের গড়িমসির কারণে সন্ধ্যায় এলাকার একটি ট্রান্সফরমারে আগুম লাগে। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসলেও বিদ্যুৎ তথা নেসকো কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপই করেনি। ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আগুন নিয়ন্ত্রণ হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। দীর্ঘ ১ ঘন্টার অবরোধের ফলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে। এরপর বিদ্যুৎকর্মীরা একটি পিকআপ ভ্যান নিয়ে ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান না করে উল্টো কয়েকটি বিদ্যুৎ লাইন কেটে দিয়ে ফিরে যেতে ধরে। এতে বিক্ষুব্ধ জনতা আরো বেশি উত্তেজিত হয়ে পরে এবং বিদ্যুৎকর্মীদের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে জনগন শ্লোগান দিতে শুরু করলে বিদ্যুৎকর্মীরা পিকআপ রেখে পালিয়ে যায়। পরে সৈয়দপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরোধ তুলে নিলেও উত্তেজিত জনতা এখনো এলাকার ভিতরের সড়কে অবস্থান করছে।

এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. খতিবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার প্রায় ১০ হাজার মানুষ গত রাত থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অথচ বিদ্যুৎ কর্তৃপক্ষ বিন্দুমাত্র গায়ে লাগায়নি। এমনকি আমি নিজে কল দিলেও তারা কল রিসিভ করেনি। ফোন বন্ধ করে দিয়ে তামাশা দেখেছে। আমরা এ ভোগান্তির জবাব চাই।

প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন বলেন, শনিবার রাত থেকে বিশাল এলাকা বিদ্যুৎহীন। এলাকাবাসীর সাথে আমিও বার বার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করি। কিন্তু তারা আসছি দেখছি বলে কালক্ষেপন করেছেন। এমনকি ট্রান্সফরমারে আগুন লাগার খবরেও তারা কর্ণপাত করেনি। ফলে এলাকার ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ করেছেন। বিদ্যুৎ অফিসের অবহেলার কারনে এমনটা ঘটেছে।

নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমুল হক বলেন, একসাথে সব জায়গায় সমস্যা হলে সমাধান করতে একটু সময় লাগবেই। পুরাতন বাবুপাড়ার বিদ্যুৎ ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এটা রিপ্লেস করা হবে সোমবার।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর