গত মৌসুমের প্রায় অর্ধশত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই আজ বিকাল থেকে দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের চলতি ২০২০-২১ মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিদ্ধান্তানুসারে, এবার জয়পুরহাট সুগার মিলস লিমিটেড (জয়পুরহাট চিনিকলের) ফ্যাক্টরিতে সম্প্রতি বন্ধ হওয়া রংপুর চিনিকল ও শ্যামপুর চিনিকল নিয়ন্ত্রণাধীন এলাকার আখও মাড়াই করা হবে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চিনিকলের ফ্যাক্টরিসংলগ্ন ক্যান ক্যারিয়ার (আখের ডোঙ্গার সন্নিকটে) চত্বরে দোয়া মাহফিল শেষে চিনিকলের ক্যান ক্যারিয়ারে (ডোঙ্গায়) আখ নিক্ষেপের মাধ্যমে জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ৫৮তম আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদু। জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবু বকরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবু বকর জানান, বর্তমানে রংপুর চিনিকল ও শ্যামপুর চিনিকল বন্ধ থাকায় হেড অফিসের (বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন) নির্দেশ অনুযায়ী চলতি আখ মাড়াই ও চিনি উৎপাদন মৌসুমে জয়পুরহাট চিনিকলে নিজেদের আখ ছাড়াও ওই দুই চিনিকল নিয়ন্ত্রণাধীন এলাকার আখও এখানে এনে মাড়াই করা হবে। সেই অনুসারে, এ মৌসুমে মোট ১২০ কর্ম দিবসে (রংপুর ও শ্যামপুর চিনিকলের আখসহ) মোট ১ লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৯২ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আর আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৬ দশমিক ৬০ শতাংশ।
আখ মাড়াই চলাকালে ফ্যাক্টরির কোনো ধরনের আকস্মিক যান্ত্রিক ত্রুটি বা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে চিনি উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা।