ভাগ্যকুল চরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৮৫০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ইলিশ ক্রয় বিক্রয় ও জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। রোববার (১ নভেম্বর) চাঁনগাঁও চরে স্থানীয় ইউপি সদস্য নাদিম গ্রুপ ও নুরু বয়াতি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় নাদিম বেপারী গ্রুপের নাদিম বেপারী (৫৬), সোহেল বেপারী (৩০), রুবেল খা (২৮), আবুল (৪০), হাবিব (১৭), আলমগীর (৩৫), মিরাজ (২৮) অপরদিকে নুরু বয়াতি (৬০), রাসেল (২৩), সোহেল (১৯), জসিম (২৪), আমরিয়া বেগম (৩৮), সাহিদা (৫০) ও আঞ্জুমান (২৮) আহত হয়।

আহতরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় নাদিম বেপারী গ্রুপের সোহেল বেপারী ও রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নাদিম বেপারী বলেন, আমিও আহত হয়েছি। নূরু বয়াতির সহযোগিতায় চরে মা ইলিশ কেনা বেচা ও জাল পাতা নিয়ে ২ থেকে ৩ দিন আগে নূরু বয়াতি স্থানীয় কয়েকজনকে মারধর করে। আজ ঘটনাস্থলে গেলে তারা আগে হামলা করলে সংঘর্ষ হয়।

এ ঘটনায় গুরুতর আহত সোহেল বেপারীর ভাই বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জানতে নূরু বয়াতির সাথে যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

ভাগ্যকুলের ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত জানান, জাল পাতাকে কেন্দ্র করে নূরু বয়াতির সাথে ঝামেলা চলছিল। মীমাংসার জন্য গেলে নুরু বয়াতির লোকজন হামলা চালায়।

এ ব্যাপারে শ্রীনগর থানা ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর