পোরশায় প্রায় ১৭ হাজার হেক্টর আমনের চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৭৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চলতি মৌসুমে নওগাঁর পোরশায় আমন ধানের চাষ ভালো হয়েছে। আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় ধান গাছ বেশ ভালো অবস্থায় রয়েছে বলে জানান কৃষকরা। আবহাওয়ায় কোনো ব্যতিক্রম না ঘটলে ফলন ভালো হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছিল। কিন্তু কিছু এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় ১০৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ ডুবে গেছে। এই ধানগুলো নষ্ট হলে লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম ধান উৎপাদন হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আর যেহেতু ধান রোপণের সময় পার হয়ে গেছে সেহেতু ধানের চারা রোপণ করা সম্ভব হবে না। ফলে ধরে নিতে হবে ধান চাষ হয়েছে ১৬ হাজার ৬০৫ হেক্টর জমিতে।

তবে তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এবারে ধান গাছের অবস্থা ভালো রয়েছে। এপর্যন্ত উপজেলার কোনো জমির ধান গাছে তেমন কোনো প্রকার রোগ বালাই দেখা যায়নি। এবস্থা থাকলে এবারে উপজেলায় প্রায় ১ লক্ষ ২৬০ টনের ওপরে চাল উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান, কপালীর মোড়ের কৃষক ফজলুর রহমান, জালুয়া গ্রামের জসিম উদ্দিন, ছাওড়ের মজিবর রহমান, বারিন্দার হুমায়ন কবির, সরাইগাছি গ্রামের আব্দুল মান্নান ও পাঁচড়াই গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, এ বছর আবহাওয়া কিছুটা ভালো থাকার কারণে রোপণকৃত আমন ধান গাছ সুন্দর ও সতেজ রয়েছে। প্রথম দিকে কিছু পচারোগ ও মুঞ্জিকাটি রোগ ধরলেও এখন তা আর নেই।

ইতোমধ্যে অনেক জমিতে ধানের শীষ বের হয়েছে। কিছু দিনের মধ্যে সম্পূর্ণ এলাকার জমিতে ধানের শীষ বের হবে বলে তারা জানান। শেষ পর্যন্ত অবস্থা এমন থাকলে ধানের ফলন ভালো হবে বলে তারা মনে করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এ পর্যন্ত রোপণকৃত আমন ধানে কোনো রোগ বালাই আক্রমণ করেছে বলে তারা তেমন কোনো খবর পাননি। এছাড়াও তারা কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।

তবে তিনিও বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং ধান গাছ ভাল রয়েছে বলে জানান। এরকম থাকলে ভালো ফলন হবে আর এতে তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন বলে আশা করছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর