নববধূ অপহরণচেষ্টা, সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৩৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বগুড়ার ধুনট উপজেলায় বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে নববধূকে অপহরণচেষ্টার অভিযোগে এক সেনাসদস্য ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার ওই নববধূর বাবা বাদী হয়ে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার ইমদাদুল হকের ছেলে সেনাসদস্য ইমরান তালুকদার রুকু (২৪) ও তার বন্ধু একই গ্রামের আব্দুল সেখকুয়ারের ছেলে সাদমান সালিদ (২৩)।

শনিবার দুপুরের দিকে সাদমান সালিদকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং ইমরান তালুকদার রুকুকে বগুড়া সেনানিবাসের সেনা কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে বিয়েবাড়ি থেকে কনেপক্ষের লোকজন ইমরান ও সাদমান সালিদকে আটক করে গণধোলাইয়ের পর থানায় সোপার্দ করে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়শিমুল গ্রামের খবির হোসেনের মেয়ে জিনিয়া সানভি সুমিতাকে বিয়ের প্রস্তাব দেন সেনাসদস্য ইমরান তালুকদার রুকু। কিন্ত অতিরিক্ত যৌতুক দাবি করায় মেয়ের বাবা ইমরানের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। পরবর্তীতে অভিভাবকরা ওই মেয়ের বিয়ে শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিনপাড়ার আব্দুল আছের ছেলে জামিউল মান্নানের সাথে ঠিক করেন। এতে মেয়েপক্ষের ওপর ক্ষুব্ধ হন ইমরান।

শুক্রবার দুপুরের দিকে জামিউল মান্নানের সাথে সুমিতার বিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ পর্যায়ে ইমরান ও তার বন্ধু মোটরসাইকেলযোগে বিয়েবাড়িতে উপস্থিত হন। তারা বিয়ের আসর থেকে নববধূ সুমিতাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় কনেপক্ষের লোকজনের সাথে অপহরণকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে সেনাসদস্যের ছুরিকাঘাতে নববধূর মামাতো ভাই মেহেদী হাসান সবুজ আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়ের বাবার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিধিমোতাবেক আসামি ইমরানকে সেনা কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অপর আসামি সাদমান সালিদকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর