হাথরাসের গণধর্ষণ নিয়ে বলিউডে প্রতিবাদ শুরু হয়েছে। অক্ষয় কুমার, ফারহান আখতার, আনুস্কা শর্মা, কঙ্গনা রানওয়াতের পর এবার হাথরাস গণধর্ষণ নিয়ে মুখ খুললেন করিনা কাপুর খান। ফেসবুকে হাথরাসের গণধর্ষণ নিয়ে সরব হন করিনা। সেখানে তিনি নির্যাতিতা তরুণীর কাছে ক্ষমা চেয়ে নেন। সেই সাথে অভিযুক্তদের যাতে কঠিন সাজা হয়, সে বিষয়েও জোর গলায় দাবি করেন ।
অক্ষয় কুমারও অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি আমরা নিজেদের মেয়েদের রক্ষা করতে পারছি না বলে ক্ষোভে ফুঁসে ওঠেন অক্ষয় এবং কঙ্গনা দুজনেই। সবকিছু মিলিয়ে যোগী রাজ্যের নৃশংস ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর গোটা বলিউড।
গত ১৪ সেপ্টেম্বর হাথরাসে ১৯ বছরের এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার চালায় অভিযুক্তরা। ওই ঘটনার পর ওই তরুণীকে মেরে ফেলার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় এরপর ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হলে টানা ১৪ দিনের লড়াই শেষ করে মঙ্গলবার তার মৃত্যু হয়। এরপরই ওই তরুণীর জন্য বিচার চেয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ।