নিহতদের দাফন কাফনের জন্য ২০ হাজার ও আহতদের জন্য ১০ হাজার টাকা সহায়তা দেয়ার কথা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এ কথা বলেন। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে, নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাহ জামে মসজিদে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন।