দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব আল হাসান। আজ বিকেলে জানান, করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এতে করে অনুশীলনে নামতে বাধা রইলো না সাকিবের।
গত মঙ্গলবার মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। করোনার এই সময়ে দীর্ঘ পাঁচ মাস ছিলেন যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে। সেখানে দুই কন্যা, স্ত্রীর সঙ্গে কাটিয়েছেন লম্বা সময়।
এর মাঝে কেটে গেছে নিষেধাজ্ঞার বাকি অর্ধেক সময়টাও। তবে ফিরতে হবে ক্রিকেটে। প্রায় দুই মাসের মতো বাকি আছে এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর আইসিসি থেকে এক বছরের নিষেধাজ্ঞা পান দেশ সেরা এই অলরাউন্ডার। এরপর আর কোনো ধরনের ক্রিকেট খেলা হয়নি তার।
আগামী অক্টোবরের ২৪ তারিখ (সম্ভাব্য) থেকে শ্রীলঙ্কায় শুরু হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ। সাকিব প্রথম ম্যাচ খেলতে না পারলেও পরের দুই ম্যাচে খেলতে পারেন বলে আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
তার আগে সাকিব অনুশীলন করবেন সাভারের বিকেএসপিতে। এখানে বেশ কিছুদিন অনুশীলন করবেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম ও সালাহউদ্দিন এর তত্ত্বাবধানে। এরপর শ্রীলঙ্কায় অনুশীলন করবেন সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।