চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত, প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাসে দিলে ছাত্রীরা হলে ফিরে যায়।
বুধবার রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা হলে ফিরে যায় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছে। আমরা তা মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা হলে ফিরে যায়।’
তিনদিন আগে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের রাতে হলে ফেরার সময়সীমা বেঁধে দেয়। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দেয়।
দিনে বিভিন্ন কর্মসূচিতে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। রাতে প্রীতিলতা হলের একদল ছাত্রী এ সিদ্ধান্ত প্রত্যাহার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে উপাচার্য শিরীণ আখতারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এদিন রাত পৌনে ১০টার দিকে ৩০–৩৫ জন ছাত্রী উপাচার্যের বাসভবনের দিকে যাত্রা করলে প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে তাদের পথ আটকান। একপর্যায়ে ক্ষুব্ধ ছাত্রীরা ওই হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অবিলম্বে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন। পরে হল থেকে বেরিয়ে অপর ছাত্রীরা ওই বিক্ষোভে যোগ দেন। শতাধিক ছাত্রী উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
অবস্থান কর্মসূচিতে থাকা ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসফিয়া জাসারাত নোলক বলেন, ‘যৌন হয়রানির শিকার মেয়েটির সঙ্গে রোববার রাতে যা হয়েছে, তা কালকে আমার সঙ্গেও ঘটতে পারে। রাত ১০টার মধ্যে হল বন্ধ করে এর সমাধান করা সম্ভব না। প্রশাসনের উচিত ক্যাম্পাসকে নিরাপদ করে এর সলিউশন করা। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।’
আরেক শিক্ষার্থী আশরাফি নিতু বলেন, ‘মেয়েদের হলে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আমরা চাই সেটা উঠে যাক। মেয়েরাই কেন হেনস্তার শিকার হবে? আবার মেয়েরাই কেন সময়সীমার মধ্যে হলে প্রবেশ করতে হবে? আমার প্রশাসনের এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা জানাই।’